ডেঙ্গু প্রতিরোধে ১৫শ মানুষকে শপথ করালেন বিএনপি নেতা

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৩:০১:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৩:০১:১৪ অপরাহ্ন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও জনসচেতনতা বাড়াতে ১ হাজার ৫০০ মানুষকে শপথ করানো হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে মশারি, মশার কয়েল ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শপথবাক্য পাঠ করান মিজানুর রহমান।

কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি জসীম উদ্দীন ফরাজীসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কর্মসূচিতে অংশ নেওয়া প্রত্যেককে একটি করে মশারি, তিন প্যাকেট মশার কয়েল ও ব্লিচিং পাউডার দেওয়া হয়। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন করা হয়।

কর্মসূচি শেষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আয়োজকদের ভাষ্য, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়েও সচেতনতা বাড়ানো প্রয়োজন।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম শুরু করেছেন তারা। প্রথম দিনে পৌরসভার ৯টি ওয়ার্ডে মশক নিধন ও জনসচেতনতা তৈরির পাশাপাশি মশারি, মশার কয়েল ও ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডের বিএনপি নেতাদের ডেঙ্গু প্রতিরোধে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলায় ডেঙ্গুর প্রকোপ বেশি থাকায় মৃত্যুর ঘটনা এড়াতে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০