খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০৩:২৮:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০৩:২৮:০৬ অপরাহ্ন

খেলতে গিয়ে অসুস্থ হয়ে হঠাৎ মারা গেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।

সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফুল আফসারের অন্তিম মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলতে খেলতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে হাঁটু গেড়ে বসে পড়েন। এরপর তিনি উপুড় হয়ে মাটিতে পড়ে গেলে আশপাশের লোকজন তাঁকে তুলে নেওয়ার চেষ্টা করেন।

ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন তাঁকে বুকে চাপ দেওয়ার পাশাপাশি পানি দেওয়ার চেষ্টা করছেন। পরে তাঁকে ধরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়নের পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক জানান।

শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী বলেন, মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

আশরাফুল আফসার বিসিএসের ২৫তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবচর ইউনিয়নের মিরপুর গ্রামে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০