ইমরান খানকে মুক্তি দিতে প্রস্তাব পাকিস্তান সরকারের? যা জানালেন তার ছেলে

আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০৯:৪৩:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০৯:৪৩:১১ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের তার দল পিটিআই। আগামী ৫ অক্টোবর ইসলামাবাদে দলটির নেতাকর্মীদের জড়ো হওয়ার কথা রয়েছে। এর আগে ২৭ সেপ্টেম্বর কর্মসূচি পালনের কথা থাকলেও ইসলামাবাদে সরকারের লকডাউনের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

এর মধ্যে ইমরান খানের ছেলে কাশিম খান দাবি করেছেন, তার বাবাকে মুক্তি দিতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শেহবাজ শরিফের সরকার এমন কোনো প্রস্তাব দিয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে বিবিসি সোমবার এ তথ্য জানিয়েছে।

ব্লুমবার্গকে কাশিম খান বলেন, কারাগারে থাকতে থাকতে তার বাবা বয়সে প্রবীণ হয়ে যাচ্ছেন, যা তার জন্য কষ্টের। ইমরানকে মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তিনি প্রস্তুত বলেও জানান কাশিম। তিনি চান, মুক্তির জন্য তার বাবা পাকিস্তান সরকারের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছান।

তবে সরকারের কথিত প্রস্তাবের বিষয়ে নিশ্চিত তথ্য তার কাছেও নেই। ব্লুমবার্গ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের সঙ্গে যোগাযোগ করলেও তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

কাশিম বলেন, ব্যক্তিগত স্বার্থ বিবেচনায় তিনি চাইবেন তার বাবা প্রস্তাবটি গ্রহণ করুন। তবে ইমরান খানের বর্তমান অবস্থান সম্পর্কে তিনি পুরোপুরি অবগত নন। কারণ গত সাত মাসে বাবার সঙ্গে তার একবারও কথা হয়নি বলে জানান তিনি।

ইমরান খান সরকারের কোনো প্রস্তাবে রাজি হবেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন কাশিম। তার ভাষ্য, পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাদের ইমরানের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ার নির্দেশ দিলেও সরকার তা বাস্তবায়ন করেনি। একই সঙ্গে আরও কিছু আদালতের নির্দেশও কার্যকর হয়নি বলে দাবি করেন তিনি।

কাশিম আরও বলেন, ইমরান দৃঢ়চেতা এবং কারাগারে থাকা অন্য রাজনৈতিক বন্দিদের বিষয়টিও বিবেচনায় রাখেন। পরিবারের কয়েকজন সদস্যও কারাগারে থাকায় নিজের মুক্তির জন্য কোনো চুক্তিতে রাজি হওয়া তার জন্য কঠিন হতে পারে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০