মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা অব্যাহত থাকায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে। সংঘাত দীর্ঘায়িত হলে সরবরাহ সংকট তৈরি হতে পারে—এমন আশঙ্কা তেলের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে কাজ করছে।
গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৩ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭২ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ৩২ ডলারে উঠেছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। সংঘাতের প্রভাবে অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল রপ্তানি ব্যাহত হওয়ার আশঙ্কা বাজারে প্রভাব ফেলছে।
যদিও সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি ধীরে ধীরে বাড়ার কিছু লক্ষণ দেখা যাচ্ছে, তারপরও সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম ও সরবরাহ পরিস্থিতির ওপর সংঘাতের প্রভাব আরও বাড়তে পারে।