নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন, একজনের কারাদণ্ড

আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১০:৪৪:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১০:৪৪:৪৬ পূর্বাহ্ন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার সলিথা বিলে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় লিয়াকত মৃধা নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারা অমান্য করে সলিথা বিলে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযানকালে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর এলাকার কাচাই মৃধার ছেলে লিয়াকত মৃধাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একই আইনের ১৫(১) ধারায় তাকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান বলেন, সরকারি আইন অমান্য করে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

সম্পাদক: শাকিলা জাহান
মোবাইল: ০১৩০১১০৪০৭০ ই-মেইল: info@gbanglanews.com

অফিস :

জি.এম বাংলা লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

৫৬-৫৭, শরীফ ম্যানশন, মতিঝিল রোড, ঢাকা-১০০০