আওয়ামী নাশকতা/মূল ‘মাস্টারমাইন্ড’ ও অর্থদাতাদের তালিকা প্রকাশ
ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ভেতরে ঘুমিয়ে থাকা চালক প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরেক গাড়িচালক।
শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহর ও টুঙ্গিপাড়ায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় বিএনপি ও যুবদলের কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট ও গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়। ভাঙচুর করা হয় পুলিশের সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক। এ ছাড়া পুলিশের গাড়ি ভাঙচুরের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। দফায় দফায় সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণে দিনভর জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দেশের বিভিন্ন স্থানে অবরোধ ও অস্থিরতা সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
‘তাঁরা হলেন লিটন চৌধুরী, ইকবাল হোসেন অপু, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা গাজী জাফর উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য শেখ নওশাদ সরোয়ার পিন্টু, ত…’
— জি বাংলা ডেস্ক
গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা, বিস্ফোরক সরবরাহ ও অর্থের জোগান দেওয়ার বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। কয়েকটি স্তরে বিভক্ত হয়ে এসব কর্মকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে নাশকতার পরিকল্পনাকারী, মাঠপর্যায়ের সরবরাহকারী ও অর্থদাতাদের নাম রয়েছে।
আরও পড়ুন
এআইয়ের ওপর নির্ভরতা নয়, জ্ঞান অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী
প্রতিবেদন অনুযায়ী, নাশকতামূলক কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নাম উল্লেখ করা হয়েছে।
মূল বিষয়গুলি
- ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে।
- শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহর ও টুঙ্গিপাড়ায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
- দেশের বিভিন্ন স্থানে অবরোধ ও অস্থিরতা সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
- গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা, বিস্ফোরক সরবরাহ ও অর্থের জোগান দেওয়ার বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে।
সূত্রের দাবি, নেপথ্যে থেকে শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন আরও ১১ জন। তাঁদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রণজিত সরকার (সুনামগঞ্জ-১), হাবিবুর রহমান হাবিব (সিলেট-৩), নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), মাইনুল হোসেন খান নিখিল (ঢাকা-১৪) ও মির্জা আজম (জামালপুর-৩)। এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নামও রয়েছে ওই তালিকায়।
মধ্যম পর্যায়ের নেতৃত্বে থাকা ব্যক্তি হিসেবে গোয়েন্দা তালিকায় আটজনের নাম উঠে এসেছে। তাঁরা হলেন লিটন চৌধুরী, ইকবাল হোসেন অপু, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা গাজী জাফর উল্লাহ, চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য শেখ নওশাদ সরোয়ার পিন্টু, তিতুমীর কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জাহিদ এবং মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ারদার স্বর্ণালী।
নাশকতায় অর্থের জোগানদাতা হিসেবে অঞ্চলভিত্তিক কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নামও গোয়েন্দা তালিকায় রয়েছে। ঢাকা মহানগর অঞ্চলে অর্থদাতা ও কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত হিসেবে সাবেক যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট, হাজী সেলিম, জাহাঙ্গীর কবির নানক ও জাহাঙ্গীর আলমের নাম উল্লেখ করা হয়েছে। নারায়ণগঞ্জ অঞ্চলে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. ইমন মিয়া এবং চট্টগ্রাম অঞ্চলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের নাম রয়েছে। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সারা দেশে জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতা ও আওয়ামী লীগপন্থি বড় ব্যবসায়ীরা অর্থের জোগান দিচ্ছেন।
গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, ককটেল ও বিস্ফোরক তৈরির উপাদান দেশের বাইরে থেকে কয়লাবাহী ট্রাকে করে বাংলাদেশে আনা হয়। আওয়ামী লীগ-সমর্থিত কয়লা ব্যবসায়ীদের মাধ্যমে এসব উপাদান সরবরাহ করা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ক্ষেত্রে বুড়িমারী ও শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর এবং সিলেটের জাফলং, মৌলভীবাজারের শমশেরনগর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া সীমান্তবর্তী এলাকাকে রুট হিসেবে ব্যবহারের কথা উল্লেখ রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাইরে থেকে আনা উপাদান দিয়ে শরীয়তপুরের নড়িয়া, জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দির চরাঞ্চলের নৌকাসহ বিভিন্ন দুর্গম এলাকায় ককটেল তৈরি করা হয়। পরে এসব ককটেল রাজধানীর রূপনগর, কালশী, মোহাম্মদপুর বেড়িবাঁধ, বোটানিক্যাল গার্ডেন ও গুলিস্তান এলাকায় একত্র করে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। ককটেল বিতরণের সময় কয়েকজন আওয়ামী লীগপন্থি গার্মেন্টস মালিক নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য অর্থ বিতরণ করেন বলেও গোয়েন্দা নথিতে দাবি করা হয়েছে।
কার্যক্রম স্থগিত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো গত অক্টোবর থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে গোপন তৎপরতা ও ঝটিকা কর্মসূচি চালিয়েছে বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে নেতাকর্মীরা মূলত রাতের আঁধারে বা আকস্মিকভাবে ছোট পরিসরে এসব কর্মসূচি পালন করছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়।
১ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত সংগৃহীত গোয়েন্দা বা দাপ্তরিক পরিসংখ্যান বিশ্লেষণে দলটির সাংগঠনিক তৎপরতার চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, অক্টোবরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ৫৭টি তৎপরতা রেকর্ড করা হয়। নভেম্বরের প্রথম ১৪ দিনে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৮১টিতে।
পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে ২২টি ঝটিকা মিছিল হলেও নভেম্বরের প্রথম দুই সপ্তাহে তা বেড়ে ৪০টিতে দাঁড়ায়। একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ৪টি থেকে বেড়ে ১০টিতে পৌঁছায়। নভেম্বরের প্রথম ১৪ দিনে অগ্নিসংযোগের একটি, কুশপুত্তলিকা দাহের পাঁচটি এবং আতশবাজি ফোটানোর ৪৯টি ঘটনা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া অক্টোবরে দুটি মশাল মিছিল ও চারটি বিক্ষোভ মিছিল হলেও নভেম্বরের প্রথম দুই সপ্তাহে তা বেড়ে যথাক্রমে ১০ ও ১৫টিতে দাঁড়ায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নাশকতামূলক কর্মকাণ্ডে মাঠপর্যায়ের পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমও ব্যবহার করা হচ্ছে। ঝটিকা ও বিক্ষোভ মিছিল, কেক কাটা বা জন্মদিনের ভিডিও অনলাইনে প্রচারের ঘটনা অক্টোবরে সাতটি থাকলেও নভেম্বরে বেড়ে ৩১টিতে দাঁড়িয়েছে। এ ছাড়া চলতি মাসের প্রথম দুই সপ্তাহে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক, পোস্টারিং, দোয়া মাহফিল, কেক কাটা এবং যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের মতো কর্মসূচি পালন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
গোয়েন্দা প্রতিবেদনে এসব তৎপরতাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করা হয়েছে।
এদিকে রাজধানীর মালিবাগ, মিরপুর ও আদালত প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী এবং একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সিসিটিভি ফুটেজ ও জবানবন্দিতে এসব তথ্য উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নাশকতার কাজে বস্তির মাদকাসক্ত ও অপরাধপ্রবণ ব্যক্তিদের ব্যবহার করা হচ্ছে বলেও সূত্রের দাবি।
৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত আদাবর, শাহবাগ, মিরপুর, মালিবাগ ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটে। ৮ নভেম্বর রাতে মালিবাগে সিআইডি কার্যালয় এবং মিরপুরের রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। মিরপুরের ঘটনায় পুলিশ আশরাফুল ও রিকশাচালক হৃদয় শেখকে আটক করে।
আদালতে হৃদয়ের দেওয়া জবানবন্দি অনুযায়ী, সাবেক যুবলীগ নেতা জাহাঙ্গীরের কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী শিপন ও ইব্রাহিমের মাধ্যমে ককটেল সংগ্রহ করা হয়েছিল। এ ছাড়া ৯ নভেম্বর সিএমএম আদালত প্রাঙ্গণে বিস্ফোরণের ঘটনায় ফয়সাল ও সুকুমারকে আটক করা হয়। ওই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের মাইদুল ও রাসেলের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, কড়াইল ও চলন্তিকাসহ বিভিন্ন বস্তির লোকজনকে মাত্র ৫০০ টাকার বিনিময়ে ভাড়া করে এসব নাশকতা চালানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন যুগান্তরকে বলেন, কয়েকটি ঘটনায় হাতেনাতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠনের সদস্যরাই জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটাচ্ছেন। প্রতিটি ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।