কেন ভগত সিংকে সমর্থন করেছিলেন জিন্নাহ ও আল্লামা ইকবাল?
একজন ছিলেন পাকিস্তান প্রতিষ্ঠার অন্যতম নেতা, অন্যজন উপমহাদেশের প্রভাবশালী কবি ও দার্শনিক। রাজনৈতিক দর্শনে ভিন্নতা থাকলেও ব্রিটিশবিরোধী বিপ্লবী ভগত সিংয়ের অধিকার রক্ষায় একই অবস্থানে দাঁড়িয়েছিলেন মুহাম্মদ আলী জিন্নাহ ও আল্লামা ইকবাল। ভগত সিং মুসলিম ছিলেন না, মুসলিম লীগের সদস্যও ছিলেন না। তারপরও তাঁর অনশন, বিচারপ্রক্রিয়া ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তাঁরা। ধর্মীয় বা রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তাঁদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ন্যায়বিচার ও একজন রাজনৈতিক বন্দির অধিকার।
ইতিহাসের এই ঘটনা বর্তমানের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়েও নতুন করে ভাবতে শেখায়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ভগত সিং যখন রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের অভিযোগে বিচারের মুখোমুখি হন, তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন উপমহাদেশের দুই প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্ব।
পাকিস্তানের সাংবাদিক হামিদ মীরের লেখা এক নিবন্ধে উঠে এসেছে এ ইতিহাস। ২০২৬ সালের ২৬ নভেম্বর পাকিস্তানের সংবাদমাধ্যম ডনে প্রকাশিত নিবন্ধে তিনি দেখিয়েছেন, ভগত সিংয়ের প্রতি জিন্নাহ ও ইকবালের সমর্থন কেবল ব্যক্তিগত সহানুভূতি ছিল না; বরং অন্যায় বিচার ও ঔপনিবেশিক দমননীতির বিরুদ্ধে তাঁদের নীতিগত অবস্থানের প্রতিফলন ছিল।
‘২০২৬ সালের ২৬ নভেম্বর পাকিস্তানের সংবাদমাধ্যম ডনে প্রকাশিত নিবন্ধে তিনি দেখিয়েছেন, ভগত সিংয়ের প্রতি জিন্নাহ ও ইকবালের সমর্থন কেবল ব্যক্তিগত সহানুভূতি ছিল না; বরং অন্যায় বিচার ও ঔপনিবেশিক দমননীতির বিরুদ্ধে তাঁদের নীতিগত অবস্থানের প্রতিফলন ছিল।’
— আন্তর্জাতিক ডেস্ক
জিন্নাহর আইনসভায় ভগত সিংয়ের অধিকার নিয়ে প্রশ্ন
আরও পড়ুন
দিল্লিতে আবাসিক ভবনে আগুন, নারী-শিশুসহ নিহত ৪
১৯২৯ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিপ্লবী কর্মকাণ্ডের অভিযোগে কারাবন্দি ভগত সিং মিয়ানওয়ালি কারাগারে ছিলেন। সেখানে রাজনৈতিক বন্দিদের সঙ্গে সাধারণ অপরাধীদের মতো আচরণ করা হচ্ছিল। এর প্রতিবাদে রাজনৈতিক বন্দিদের জন্য আলাদা মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান তিনি।
মূল বিষয়গুলি
- একজন ছিলেন পাকিস্তান প্রতিষ্ঠার অন্যতম নেতা, অন্যজন উপমহাদেশের প্রভাবশালী কবি ও দার্শনিক।
- ইতিহাসের এই ঘটনা বর্তমানের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়েও নতুন করে ভাবতে শেখায়।
- পাকিস্তানের সাংবাদিক হামিদ মীরের লেখা এক নিবন্ধে উঠে এসেছে এ ইতিহাস।
- জিন্নাহর আইনসভায় ভগত সিংয়ের অধিকার নিয়ে প্রশ্ন
ব্রিটিশ কারা কর্তৃপক্ষ তাঁর দাবি মানতে অস্বীকৃতি জানালে দীর্ঘ অনশন শুরু করেন ভগত সিং। তাঁর এই আন্দোলন দ্রুত উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে ওঠে।
ওই বছরের সেপ্টেম্বরে ব্রিটিশ ভারতের কেন্দ্রীয় আইনসভায় বিষয়টি নিয়ে সরব হন মুহাম্মদ আলী জিন্নাহ। ভগত সিংয়ের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি রাজনৈতিক বন্দিদের অধিকার ও তাঁদের সঙ্গে আচরণের বিষয়টি তুলে ধরেন।
জিন্নাহর এই অবস্থানের তাৎপর্য ছিল বিশেষ। কারণ, ভগত সিংয়ের রাজনৈতিক আদর্শ ও কর্মকাণ্ডের সঙ্গে তাঁর রাজনৈতিক অবস্থানের মিল ছিল না। ভগত সিং ছিলেন ব্রিটিশবিরোধী বিপ্লবী আন্দোলনের অন্যতম পরিচিত মুখ। অন্যদিকে জিন্নাহ তখন সাংবিধানিক ও রাজনৈতিক পরিসরে ব্রিটিশ শাসনের বিরোধিতা করছিলেন। তবে রাজনৈতিক মতপার্থক্য একজন বন্দির ন্যায্য অধিকার নিয়ে কথা বলা থেকে তাঁকে বিরত রাখতে পারেনি।
বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইকবাল
ভগত সিংয়ের বিরুদ্ধে চলছিল লাহোর ষড়যন্ত্র মামলা। সাধারণ আদালতের পরিবর্তে বিশেষ আদালতে তাঁর বিচার করার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার। এ সিদ্ধান্তের বিরোধিতা করে লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন।
বিশেষ আদালত গঠনের সাংবিধানিক বৈধতা যাচাই করতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে ছিলেন তৎকালীন বার সভাপতি স্যার ড. গোকুল চাঁদ নারাং, মালিক বরকত আলী, পণ্ডিত নানক চাঁদ, আল্লামা ড. মুহাম্মদ ইকবাল, স্যার মোতি সাগর ও জগন নাথ।
কমিটির ছয় সদস্যের মধ্যে স্যার মোতি সাগর ও জগন নাথ কোনো বৈঠকে অংশ নেননি। ফলে তাঁরা প্রতিবেদনে স্বাক্ষরও করেননি। অন্য চার সদস্য কয়েক দফা বৈঠকে বসে ব্রিটিশ ভারতের শাসন আইনের আলোকে বিশেষ আদালত গঠনের বিষয়টি পর্যালোচনা করেন।
তাঁদের সিদ্ধান্ত ছিল, জরুরি পরিস্থিতি ছাড়া এ ধরনের বিশেষ আদালত গঠনের সুযোগ নেই। অথচ ব্রিটিশ সরকার তখন কোনো জরুরি অবস্থা ঘোষণা করেনি। ফলে ভগত সিং ও তাঁর সহযোগীদের বিচারের জন্য গঠিত বিশেষ আদালতকে অসাংবিধানিক বলে মত দেন তাঁরা।
প্রতিবেদনে স্বাক্ষর করেছিলেন আল্লামা ইকবাল, গোকুল চাঁদ নারাং, মালিক বরকত আলী ও পণ্ডিত নানক চাঁদ।
এখানে ইকবালের ভূমিকা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। পরবর্তী সময়ে যিনি পাকিস্তানের জাতীয় কবি ও দেশটির আদর্শিক চিন্তার অন্যতম প্রবক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, তিনিই ধর্মীয় পরিচয়ের ভিন্নতা উপেক্ষা করে একজন হিন্দু বিপ্লবীর ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছিলেন।
মৃত্যুদণ্ড ঠেকাতে শেষ চেষ্টা
কমিটির প্রতিবেদন ব্রিটিশ সরকারের কাছে পাঠানো হলেও তাতে কোনো পরিবর্তন আসেনি। সরকার ঘোষণা করে, ১৯৩১ সালের ২৩ মার্চ ভগত সিংকে ফাঁসি দেওয়া হবে।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে তাঁকে বাঁচানোর শেষ চেষ্টাও চালানো হয়েছিল। ১৯৩১ সালের ২৭ ফেব্রুয়ারি আল্লামা ইকবাল ভগত সিংয়ের অন্য আইনজীবীদের সঙ্গে নিয়ে ব্রিটেনের প্রিভি কাউন্সিলে আবেদন করেন। উদ্দেশ্য ছিল মৃত্যুদণ্ড স্থগিত করা। কিন্তু সেই আবেদনও প্রত্যাখ্যান করা হয়।
শেষ পর্যন্ত ২৩ মার্চ ভগত সিং, রাজগুরু ও সুখদেবকে ফাঁসি দেওয়া হয়। তবে মৃত্যুর আগপর্যন্ত তাঁর পক্ষে আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ঘটনা উপমহাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।
ইতিহাসের আয়নায় বর্তমান পাকিস্তান
ভগত সিংয়ের পক্ষে জিন্নাহ ও ইকবালের অবস্থানের প্রসঙ্গ টেনে হামিদ মীর বর্তমান পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গেও ইতিহাসের যোগসূত্র তৈরি করেছেন।
নিবন্ধে তিনি লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের কথা উল্লেখ করেন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানের সামরিক শাসনবিরোধী বিভিন্ন আন্দোলনেও সংগঠনটির নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
১৯১৯ সালে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলেন তৎকালীন বার সভাপতি স্যার মুহাম্মদ শাফি। একই বছর বিচার ছাড়াই নাগরিকদের গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া রাওলাট আইনের বিরোধিতা করেন জিন্নাহ। প্রতিবাদে তিনি ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল থেকে পদত্যাগ করেন।
এ ছাড়া ১৯৩৭ সালে পাঞ্জাবে মুসলিম লীগকে সংগঠিত করার কাজে আল্লামা ইকবালের সঙ্গে যুক্ত ছিলেন বার অ্যাসোসিয়েশনের আরেক সাবেক সভাপতি খলিফা শুজাউদ্দিন।
হামিদ মীরের মতে, এসব ঘটনা প্রমাণ করে, আইনজীবী সমাজের দায়িত্ব শুধু আদালতে মামলা পরিচালনা করা নয়; অন্যায় আইন, রাজনৈতিক নিপীড়ন ও নাগরিক অধিকার হরণের বিরুদ্ধেও সোচ্চার হওয়া।
সম্প্রতি পাকিস্তানের সংবিধানের ২৬তম ও ২৭তম সংশোধনীর বিরোধিতায় লাহোর হাইকোর্টে আয়োজিত সর্বদলীয় সম্মেলনেও তিনি বিষয়টি তুলে ধরেন। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন ও আইনজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। জামিয়াত উলেমা-ই-ইসলাম-ফজলের প্রধান মাওলানা ফজলুর রহমান সেখানে যাওয়ার পথে গৃহবন্দি হলেও পরে অনলাইনে বক্তব্য দেন।
সম্মেলনে হামিদ মীর স্মরণ করিয়ে দেন, পাকিস্তানে এখনো এমন আইন রয়েছে, যার মাধ্যমে বিচার ছাড়াই নাগরিকদের আটক করা সম্ভব। ১৯৬০ সালে আইয়ুব খানের শাসনামলে চালু হওয়া জনশৃঙ্খলা রক্ষা আইন (এমপিও) এর একটি উদাহরণ।
তাঁর বক্তব্য, বিরোধী দলগুলোর আন্দোলন কেবল দুটি সাংবিধানিক সংশোধনী কিংবা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের বন্দিদের মুক্তির দাবিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। সব দমনমূলক আইনের বিরুদ্ধে এবং সব রাজনৈতিক বন্দির অধিকার প্রতিষ্ঠায় সমানভাবে সোচ্চার হতে হবে।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।